রাশিয়া সফরে জার্মান চ্যান্সেলর মের্কেল।
অল সংবাদ নিউজ ডেস্কঃ
২০১৫ সালের পর প্রথম রাশিয়া সফরে গিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা শুরু করেছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল।
সাম্প্রতিক সময়ে সিরিয়া যুদ্ধ এবং ক্রিমিয়া নিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মস্কোর সম্পর্কের অবনতি ঘটার প্রেক্ষাপটে রাশিয়া ও জার্মানির দুই নেতা এখন দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন।
সোচির কৃষ্ণ সাগর অবকাশ কেন্দ্রে মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করছেন মের্কেল। সিরিয়া এবং ক্রিমিয়া দুটি বিষয় নিয়েই দু’নেতা আলাপ করবেন। তবে এ বৈঠক থেকে কোনও উল্লেখযোগ্য অগ্রগতি আশা করা হচ্ছে না।
২০১৪ সালে ইউক্রেইনের ক্রিমিয়া উপদ্বীপ দখল এবং দেশটির পূর্বাঞ্চলে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন জানানো নিয়ে রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়ন অবরোধ আরোপ করে। এতে মের্কেল সমর্থন জানিয়েছিলেন। ওদিকে, সিরিয়ায় যুদ্ধ নিয়েও দু’দেশের মধ্যে মতবিরোধ রয়েছে।
মের্কেল চান রাশিয়া ইউক্রেইনের রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের ওপর তাদের প্রভাব খাটিয়ে সেখানে সংঘাতের অবসান ঘটাক। অন্যদিকে, সিরিয়ায় শান্তিচুক্তিতে পৌঁছতেও রাশিয়ার সহযোগিতা চান মের্কেল।
মন্তব্যসমূহ