এবার বিশ্রামে যেতেই হবে শাহরুখকে
অলবিনোদন ডেস্ক:
সময়টা মোটেও ভালো যাচ্ছে না শাহরুখের। নিজের সাম্প্রতিক ছবি ‘রইস’-এর মুক্তি নিয়ে বেকায়দায় আছেন। ছবি মুক্তির তারিখ নিয়ে ইতিমধ্যে হৃতিকের বাবা রাকেশ রোশনের সঙ্গে টানাপোড়েন শুরু হয়েছে। চিন্তায় আছেন নোট পরিবর্তনের প্রভাব নিয়েও। এর মধ্যে হাঁটুর পুরোনো ব্যথা নিয়ে নতুন করে সমস্যায় পড়েছেন বলিউড বাদশা।দীর্ঘদিন ধরে হাঁটু নিয়ে ভুগছেন শাহরুখ। দিনে দিনে ব্যথা বেড়েছে। গত বছরের ২১ মে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শাহরুখের বাঁ হাঁটুতে অস্ত্রোপচার হয়। দেওয়া হয় ব্যথা নিরোধক ওষুধ ও ইনজেকশন। এরপর ভালোই কাটছিল। কিন্তু নিজের নতুন ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’-এর প্রচার অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হাঁটুতে চোট পেয়ে বসেন শাহরুখ খান। চোটটা তেমন গুরুতর না হলেও তাঁর হাঁটু সামান্য মচকে যায়। এরপর আরও কয়েকবার পায়ে আঘাত পাওয়ার ঘটনা ঘটে। এভাবে বারবার আঘাত লাগায় সমস্যা আরও বেড়েছে। চিকিৎসকেরা বলেন, শাহরুখের হাঁটুর যা অবস্থা, তা ঠিক হওয়া কঠিন এবং সময়সাপেক্ষ।
অতিসম্প্রতি আবার শুরু হয় সেই পুরোনো ব্যথা। গত বুধবার ইমতিয়াজ আলীর ছবির শুটিং করার সময় আবার বিপত্তিটা ঘটে। ছবির শুটিং চলাকালে রাহুলকে দেখা যায়, বাঁ পা চেপে ধরে আছেন যন্ত্রণায়। কস্টেমস্টে ঠিক করছেন নি ক্যাপ (হাঁটুর বাটিকে চিকিৎসাশাস্ত্রে প্যাটেলা বা নি ক্যাপ বলে)। তবে কাজ বন্ধ করেননি তিনি। ব্যথানাশক ওষুধ খেয়ে এবং ইনজেকশন দিয়েই ব্যথা আয়ত্তে রাখছেন। কিন্তু এবার তাঁকে কিছুদিন বিশ্রামে যেতেই হবে জানিয়েছেন চিকিৎসকেরা। বলছেন, এই অবস্থা থেকে পুরোপুরি সেরে ওঠা রীতিমতো কঠিন। চিকিৎসকেরা জানাচ্ছেন বলিউড বাদশার বাঁ হাঁটুতে শিগগিরই আবার অস্ত্রোপচার করা হবে।
চিকিৎসকেরা বলেন, শাহরুখকে বলা হয়েছে, সব সময় ধাতব নি ক্যাপ পরে থাকতে। কিন্তু এই নির্দেশ তিনি তেমন একটা মানেন না। ছবিতে কোনো রকম অ্যাকশন বা পরিশ্রমসাধ্য দৃশ্যে কাজ করতে নিষেধ করা হয়েছিল তাঁকে।
হাঁটু ছাড়াও এর আগে বেশ কয়েকটি অস্ত্রোপচার হয়েছে তাঁর। কখনো কাঁধের চোটে, কখনো হাতের কবজিতে, আবার কখনো মেরুদণ্ডে।
আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে শাহরুখের নতুন ছবি ‘রইস’।
সূত্র: ইন্ডিয়া টু-ডে, মুম্বাই মিরর
শাহরুখ খান ।
মন্তব্যসমূহ