ঈশ্বরগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের।
সারা- প্রান্তর ডেস্ক :
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মগটুলা ইউনিয়ন থেকে ঝুমা (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ।
আজ সোমবার ২৭জুন উপজেলার মগটুলা ইউনিয়নের বাঘবেড় গ্রাম থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, উপজেলার মগটুলা ইউনিয়নের বাঘবেড় গ্রামের আবদুল আজিজের ছেলে রোকন মিয়ার সাথে তিনবছর পূর্বে পার্শ্ববর্তী বাঘবেড় আব্দুল্লাপুর গ্রামের মাইজ উদ্দিনের কন্যা ঝুমার বিয়ে হয় । দাম্পত্য জীবনে তাদের এক বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। বর্তমানে রোকন মিয়া দুবাই প্রবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে ঘরের আড়ার সাথে ঝুলন্ত ঝুমার লাশের খবরটি এলাকায় জানাজানি হয় । আজ সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
এদিকে গৃহবধূর স্বজনদের দাবি ঝুমার শ্বশুরবাড়ির লোকজনের শারীরিক নির্যাতনে ঝুমা মারা গেলে তা আত্তহত্যা বলে চালিয়ে দিতে পরিকল্পিতভাবে ঝুমার লাশ বসতঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার পর থেকেই ঝুমার শ্বশুর বাড়ির লোকজন গা ঢাকা দিয়েছে ।
ঈশ্বরগঞ্জ থানার এস আই মাসুদ জামালী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া না গেলে এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় গৃহবধূর পিতা মাইজ উদ্দিন বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করেছে।
মন্তব্যসমূহ