ঈদের ছুটিতে এটিএমে টাকা যেন সবসময় থাকে, নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের।

অলসংবাদ ডেস্ক:
ঈদের টানা ছুটির মধ্যে ব্যাংক গ্রাহকরা যেন এটিএম মেশিনে গিয়ে বিফল না হন, সেজন্য বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ঈদুল ফিতরের ছুটি শুরুর আগের সপ্তাহে সোমবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়।
চাঁদ দেখা সাপেক্ষে ৬ জুলাই বুধবার ঈদ ধরে এবার ৫, ৬ ও ৭ জুলাই রোজার ঈদের ছুটি নির্ধারিত আছে। আর ৩ জুলাই রোববার শবে কদরের ছুটি। মাঝের একমাত্র কার্যদিবস ৪ জুলাইও সরকার ছুটি ঘোষণা করেছে।
৩ জুলাইয়ের আগের দুদিন শুক্র ও শনিবার হওয়ায় কার্যত ছুটি শুরু হচ্ছে ১ তারিখ থেকেই। ফলে ব্যাংক গ্রাহকরা লেনদেনের জন্য সপ্তাহের কোনো দিনই ব্যাংক খোলা পাচ্ছেন না। ফলে এটিএমই একমাত্র বিকল্প।
এর মধ্যে ২ ও ৩ জুলাই তৈরি পোশাক শিল্পঘন এলাকায় ব্যাংকের শাখা খোলা রাখতে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশ দিলেও এফবিসিসিআই ২, ৩ ও ৪ জুলাই ব্যাংক খোলা রাখার অনুরোধ জানিয়েছে।
এটিএম বিষয়ে ব্যাংকগুলোকে বলা হয়েছে, সার্বক্ষণিক এটিএম ও পয়েন্ট অব সেল (পিওএস) নেটওয়ার্ক চালু রাখা এবং এটিএম বুথে সার্বক্ষণিক নগদ টাকার সরবরাহ নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে কোনো অবস্থাতেই এটিএম বুথ বন্ধ না রাখা এবং এটিএম বুথে সার্বক্ষণিক পাহারাদারের সতর্ক অবস্থান নিশ্চিত করার ব্যবস্থা নিতেও বলেছে বাংলাদেশ ব্যাংক।
“পিওএস লেনদেনের ক্ষেত্রে সকল মার্চেন্টের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে অ্যাকুয়ারিং ব্যাংক ক্রয়কৃত পণ্য বা সেবার নির্ধারিত মূল্যের অতিরিক্ত অর্থ কোনো মার্চেন্ট যেন গ্রহণ না করে সে বিষয়টিও নিশ্চিত করা।”
সম্প্রতি এটিএমে জালিয়াতির প্রেক্ষাপটে যে কোনো অঙ্কের এটিএম ও পিওএস লেনদেনের ক্ষেত্রে গ্রাহককে সার্বক্ষণিক এসএমএস এলার্ট দিতেও নির্দেশনা দেওয়া হয়েছে।
অনলাইন ই-পেমেন্ট সিস্টেম গেটওয়েতে কার্ডভিত্তিক ‘কার্ড নট প্রেজেন্ট’ লেনদেনের ক্ষেত্রে এডিশনাল ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থা চালু রাখার নির্দেশনা দিয়ে সার্কুলারে উল্লেখ করা হয়, “এ রকম সেবার আওতায় যে কোনো অঙ্কের লেনদেনের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে এসএমএস এলার্ট প্রদানের মাধ্যমে গ্রাহককে লেনদেনের তথ্য অবহিত করা।”
গ্রাহকদের সতর্কতা অবলম্বনের জন্য গণমাধ্যমে বিভিন্ন রকম প্রচার-প্রচারণার ব্যবস্থা নিতেও ব্যাংকগুলোকে বলা হয়েছে। সেইসঙ্গে সার্বক্ষণিক হেল্প লাইন চালু রাখতেও বলা হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রাজীব সম্পর্কে ৮টি অজানা তথ্য।

শরীরের হাড় ক্ষয় করে যে ৪ খাবার

করোনাভাইরাস: মৃত্যু ছাড়াল সাড়ে ৪ হাজার।