জঙ্গি আওয়ামী লীগের ভেতরেই: খালেদা।

অলসংবাদ ডেস্ক:
জঙ্গি দমনের পক্ষে দলের অবস্থান পরিষ্কার করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, আওয়ামী লীগের ভেতরেই জঙ্গি রয়েছে।
এছাড়া সাম্প্রতিক ‘ক্রসফায়ারের’ জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করেন তিনি।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক ইফতার অনুষ্ঠানে খালেদা বলেন, “আমরা বলেছি, জঙ্গি যারা আছে, জঙ্গি ধরেন। আমরা জঙ্গি ধরার পক্ষে, জঙ্গি দমন আমরা সমর্থন করি।
“কিন্তু এই জঙ্গি সব আওয়ামী লীগের সঙ্গে। জঙ্গিদের দল হল আওয়ামী লীগ। এদের কাছে অস্ত্র পাওয়া যাবে, এদের কাছে বন্দুক, গোলা বারুদ, দেশি-বিদেশি সব রকমের অস্ত্র পাওয়া যায়।”
তিনি দাবি করেন, দেশে জঙ্গিদমনের নামে যে সাঁড়াশি অভিযান হয়েছে, তাতে গ্রেপ্তারদের প্রায় সকলেই ‘সাধারণ মানুষ ও বিএনপির নেতা-কর্মী’।
ওই অভিযানে ১৫ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, এদের মধ্যে অধিকাংশই নিরীহ সাধারণ মানুষ। এর মধ্যে তিন হাজারের বেশি বিএনপির নেতাকর্মী। আমরা অবিলম্বে তাদের মুক্তি চাই।”
বিএনপি সমর্থিত ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর উদ্যোগে এই ইফতার মাহফিল হয়।
নিজের বিরুদ্ধে মামলার প্রসঙ্গ টেনে খালেদা জিয়া অভিযোগ করেন, “মঈনুদ্দিন-ফখরুদ্দিনের সময়ে আমার মামলা ছিল ৫টা, হাসিনার মামলা ছিল ১৫টা। নাইকো মামলা একসঙ্গে আছে। কাজেই সেই নাইকো মামলায় হাসিনার অভিযোগ উঠে যায়, আমার মামলা তারা কী করে চালায়?
“হাসিনার সময়ে তার নির্দেশে নাইকো চুক্তিসহ সব কিছু হয়েছে। আমার সেখানে কোনো ভূমিকাই নাই। তারপরও তার মামলা উঠিয়ে নেওয়া হয়েছে। কেবল তাই নয়, হাসিনার ১৫টি মামলা কীভাবে উঠে যেতে পারে? তার মামলা উঠে গেলে অন্য কারো মামলা থাকতে পারে না।”
তিনি বলেন, “হাসিনার মামলাগুলো অবৈধ ছিল, সেজন্য আদালত সেগুলো তুলে নিয়েছে। আর আমাদের মামলাগুলো রেখে দিয়েছে। আমরা বলব, ন্যায় বিচার এখানে নেই।”
এরই মধ্যে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ করে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়েছেন বিএনপি সভানেত্রী।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রাজীব সম্পর্কে ৮টি অজানা তথ্য।

শরীরের হাড় ক্ষয় করে যে ৪ খাবার

করোনাভাইরাস: মৃত্যু ছাড়াল সাড়ে ৪ হাজার।