বাবার মৃত্যু এখনো মেনে নিতে পারি না : প্রিয়াঙ্কা চোপড়া।
বিনোদন নিউজ ডেস্ক:
কোনো সেলিব্রিটি দেখা পেতে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে কোনো সাংবাদিকেরই ভালো লাগে না। তবে তিনি যদি হন প্রিয়াঙ্কা চোপড়া, তবে আলাদা কথা। পাটনা, কোচি এবং লস অ্যাঞ্জেলস ঘুরে এখন মুম্বাইয়ে আছেন তিনি। কারো সঙ্গে দেখা হলে মুখের আন্তরিক হাসিটা সবার মন ভালো করে দেয়। যদিও বেশ খারাপ কিছু ঘটে গেছে তার জীবনে।
এ মাসের ৩ তারিখেই তার নানিকে হারিয়েছেন। সেই ৬-৭ বছর বয়স থেকে নানির ছায়ায় ছিলেন তিনি। ঘুমের মধ্যেই শান্তি নিয়ে মৃত্যুবরণ করেছেন তিনি। একইভাবে আমিও যেতে চাই, বললেন প্রিয়াঙ্কা।
এরও আগে বাবা অশোক চোপড়ার মৃত্যুতে ব্যাপক ধাক্কা খেয়েছিলেন তারকা। প্রায় সময়ই প্রিয়াঙ্কা টুইটার বা ইন্সটাগ্রামে বাবার মৃত্যু যে মারাত্মক আঘাত ছিল তা তুলে ধরেন। তিনি জানান, বাবার চলে যাওয়ার কষ্ট এখনো আমাকে নাড়া দেয়। এখন পর্যন্ত আমি এ বিষয়টাকে মেনে নিতে পারিনি। গোটা বিশ্ব ঘুরে বাড়িতে ফিরলে এখনো বাবার কথা মনে পড়ে।
আমেরিকান টেলিভিশন সিরিজ 'কোয়ান্টিকো'র প্রধান চরিত্রে অভিনয় তার ক্যারিয়ারের বড় প্রাপ্তি। পশ্চিমা বিশ্বে ভারতীয় নারীদের প্রতি পক্ষপাতদুষ্টমূলক আচরণ নিয়ে প্রায়ই কথা বলেন তিনি। বলিউডের সফলতার কথা তো বলাই বাহুল্য।
তবুও আরো এগিয়ে যেতে চান তিনি। নারীদের সম্পর্কে মানুষের গতানুগতিক ধারণার বিরুদ্ধে সব সময়ই সোচ্চার প্রিয়াঙ্কা। পশ্চিমে কাজ করতে গিয়ে সাংস্কৃতিক বিচিত্রতার সম্মুখীন হয়েছে। তাদের সংস্কৃতি ভারতীয়দের মতো এতটা সংগীতসংশ্লিষ্ট নয়। তারা এখানকার চলচ্চিত্রের গান ও নাচ নিয়ে হাসাহাসি করে। কিন্তু এগুলো এখানকার সংস্কৃতিতে মিশে রয়েছে। এটা আমাদের সুপারপাওয়ার এনে দেয়। এ নিয়ে আমাদের মোটেও লজ্জার কিছু নেই, জানান প্রিয়াঙ্কা।
সূত্র : হিন্দুস্তান টাইমস
মন্তব্যসমূহ