নীলফামারীতে প্রণোদনা পাচ্ছেন ২৩ হাজার কৃষক।
অল সারা-প্রান্ত ডেস্কঃ
জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে দুই কোটি দুই লাখ ৩৩ হাজার ৬০০ টাকা প্রণোদনা দিয়েছে সরকার। দুই দফায় সরকারের এ বিশেষ সুবিধা পাচ্ছেন জেলার ২৩ হাজার ৪৮ জন কৃষক।
বুধবার দুপুরে নীলফামারী সদর উপজেলা কৃষি অফিসে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর উপ-পরিচালক গোলাম মোহাম্মদ ইদ্রিস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম।
প্রণোদনা পাওয়া সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের দুবাছুড়ি গ্রামের কৃষক আমিনুর রহমান জানান, আড়াই বিঘা জমিতে আমন করেছিলাম এবার। কিন্তু গেল আগস্ট মাসের বন্যায় সব নষ্ট হয়ে যায়। কি আর করার। ভাগ্যে যা ছিল, তাই হয়েছে। ক্ষেত নষ্ট হলেও প্রণোদনা পাওয়া সরিষা বীজ লাগিয়ে ক্ষতি কিছুটা হলেও লাঘব হবে আপাতত।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এবারের বন্যায় নীলফামারী জেলায় ৮৬ হাজার ৮৮৬ জন কৃষক ক্ষতিগ্রস্ত হন। ক্ষতিগ্রস্তদের মধ্যে দুই দফায় ২৩ হাজার ৪৮ জন প্রণোদনা পাচ্ছেন।
এদের মধ্যে নীলফামারী সদরে ছয় হাজার ৪৩০ জন, সৈয়দপুরে চার হাজার ৩৪৫ জন, ডোমারে দুই হাজার ৪০০ জন, ডিমলায় তিন হাজার ১২০ জন, জলঢাকায় তিন হাজার ৬১০ জন এবং কিশোরগঞ্জে তিন হাজার ১৪৩ জন। এক বিঘা জমির জন্য গম, সরিষা, মুগডাল, বিটি বেগুন এবং সার দেওয়া হচ্ছে।
নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা লোহানী শাহ নেওয়াজ সেতু জানান, জনপ্রতিনিধিদের সহায়তায় ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের তালিকা প্রণয়ন করে উপজেলা পুনর্বাসন কমিটিতে হস্তান্তর করি। ইউপি সদস্য, চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্যরা তালিকা তৈরিতে সহযোগিতা করেছেন।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম জানান, আমনের ক্ষতি পুষিয়ে নিতে আগামী বোরো মৌসুমে প্রণোদনা পাওয়া কৃষকরা জমিতে যে কোনো একটি ফসল উৎপাদন করতে পারবেন। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার হওয়ায় সাহসী উদ্যোগ নিয়ে কৃষককের পাশে এগিয়ে এসেছে। কৃষকরা প্রণোদনা পাওয়ার ফলে উপকৃত হবেন।
জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য এগিয়ে আসায় সরকারকে নীলফামারী জেলা প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, সরকার ক্ষতির সবটা দিতে না পারলেও যতটুকু পেরেছে সেটুকু দিয়ে কৃষকরা লাভবান হবেন।
মন্তব্যসমূহ